মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
 

রাজবাড়ীতে স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, উদ্বোধন করলেন এমপি হারুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ নিজ হাতে ফরম পূরণ করে স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন।

শনিবার(২৮ ফেব্রুয়ারি ) দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হলো।

সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ৩৩টি এলাকায় মোট ৪৭টি টিম গঠন করা হয়েছে। এসব টিম বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আর্থ-সামাজিক অবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করবে। সরকারি কর্মকর্তারা সরাসরি নাগরিকদের দোরগোড়ায় গিয়ে তথ্য নেবেন, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারের এ সুবিধার আওতায় আসতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য হারুন অর রশিদ একটি বাড়িতে গিয়ে নিজ হাতে ফরম পূরণ করে কার্যক্রমের সূচনা করেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “মানুষ যখন বৃদ্ধ হয়, অনেক সময় পরিবারের কাছেই নিজেকে বোঝা মনে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারে থাকা বয়স্ক সদস্যদের কথা বিবেচনায় নিয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে প্রকৃত অসহায়, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষ সরকারি সহায়তা সহজে ও স্বচ্ছভাবে পাবেন।”

তিনি আরও বলেন, “সরকার চায় কোনো প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন। তাই কর্মকর্তারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু প্রমুখ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও প্রবীণ জনগোষ্ঠী সহজে সরকারি সহায়তা পাবে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বিস্তৃত হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon