বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 

রাজাপুরে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের সাংগর গ্রামের রেহেনা বেগম হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফ খলিফা বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

রোববার সকালে রাজাপুর থানার সামনে নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও সড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা শহিদ হাওলাদার, রেহেনার ভাবি রহিমা বেগম, মনির হোসেন, জাকির হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে রেহেনা বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা স্বামী আরিফ খলিফাসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচি চলাকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

 

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল ঢাকায়, তাই মামলাটি ঢাকায় করার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

উল্লেখ, ঢাকার কেরানীগঞ্জে ভাড়া বাসায় গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রেহেনা বেগমকে মারধর ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ১২ ডিসেম্বর শুক্রবার ভোররাতে মরদেহ উত্তর সাংগর গ্রামে আনা হলে স্বজনরা আঘাতের চিহ্ন দেখতে পান। এ সময় মৃত্যুর কারণ জানতে চাইলে স্বামী আরিফসহ সঙ্গে থাকা তার আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলে অভিযোগ নিহতের স্বজনদের। আরিফ উপজেলার মান্নান খলিফার ছেলে  আরিফ ঘটনার পর থেকে শিশু কন্যাকে নিয়ে পলাতক রয়েছে।

 

নিহতের পরিবার জানায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে রেহেনা বেগমের সঙ্গে আরিফ খলিফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করতেন। আরিফ একটি নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon