বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার, শিকারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে অবৈধভাবে শিকার করা ১০২ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি মোঃ লিটন (৪৯)। তিনি মোঃ রুস্তম আলীর ছেলে এবং পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঠালতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন পাথরঘাটার একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে শিকার করা হরিণের ১০২ কেজি মাংস উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২ হাজার টাকা।

 

এ সময় হরিণ শিকারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ লিটনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ শিকারের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র আরও জানায়, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ ছাড়া উপকূলীয় অঞ্চল ও সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ শিকারসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon