![]()
টাঙ্গাইলের সখীপুরে ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার সময় ১৩ জন স্কুল-কলেজ শিক্ষার্থীকে আটক করেছে সখীপুর থানা পুলিশ। এদের মধ্যে ৫ জন মেয়ে ও ৮ জন ছেলে।
বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর এলাকার নিশ্চিন্তপুর ও বাঁশবাড়ী রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যম হতে অভিযোগ আসছে যে, সখীপুর কাঠবাড়ী নামক একটি জায়গা আছে, যেখানে খাবারের নাম করে গিয়ে সেখানে অনৈতিক কাজ হয়। তারই ভিত্তিতে রেস্টুরেন্ট গুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মেয়েদের সম্মানের কথা ভেবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আট জন ছেলেকে থানা হেফাজত নিয়ে যাচ্ছি অভিভাবকদের ডেকে মুচলেকা দেওয়ার জন্য ভবিষ্যতে এসব জায়গাতে যেনো তারা আর না আসে। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানায় পুলিশ।
এছাড়াও স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসে শিক্ষার্থীরা। অনেক সময় নোংরামিতে জড়িয়ে পড়ে অনেক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। মা ও বাবা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। স্কুল কলেজের নাম করে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে সে বিষয়ে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া উচিত।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বখাটেপনা, কিশোর অপরাধ, ইভ টিজিং প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এ সময় ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পরে অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়। কিশোর অপরাধ, ইভ টিজিং নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
টাঙ্গাইল প্রতিনিধি, শেখ রুবেল



মন্তব্য