![]()
এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশ অভিযান চালিয়ে ১১টি মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। বুধবার (২২ জুলাই) রাতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল ছদ্মবেশ ধারণ করে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ২০২২ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের করা মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে দোয়ারাবাজারের ভারত সীমান্তসংলগ্ন এলাকায় কুঁড়েঘর তৈরি করে আত্মগোপনে ছিলেন। অভিযানে দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদ আসামির অবস্থান নিশ্চিত হয়ে এএসআই আশরাফ খাঁন, এএসআই আবু নাঈম ও এএসআই মোঃ আমির হোসেন সিকদারসহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশ ধারণ করে মৌলারপাড় এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।



মন্তব্য