![]()
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে তীব্র দাবদাহ ও ঘন ঘন দীর্ঘ লোডশেডিংয়ের কারণে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্পাঞ্চলটিতে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ প্রায় ২৮% থেকে ৩৫% কমে গেছে। এর ফলে তীব্র গরমে সাধারণ মানুষের পাশাপাশি গার্মেন্টসকর্মী ও বয়স্ক-শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, চাহিদা অনুপাতে বিদ্যুৎ না পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। কোথাও কোথাও ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দেশের অন্যতম প্রধান এই শিল্পাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পোশাক কারখানা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আবাসিক এলাকাগুলোতে পানির পাম্প চালানো যাচ্ছে না, যার ফলে তীব্র গরমের মাঝেও দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।
বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সংকট ও মেরামতের কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হওয়ায় সাময়িকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য