![]()
জাহিদ হাসান, (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকের চাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। পথে তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রশিদ জানান, নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে নিজ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। য়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য