![]()
স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলের পরিবেশ সুরক্ষায় পর্যটকবাহী শতাধিক নৌকায় ডাস্টবিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ২৭ (আগস্ট ২০২৬) নলডাঙ্গার পাটুলে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
মোঃ শামীম হোসেন। হালতি বিলে নৌভ্রমণের সময় পর্যটকরা যাতে উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকের প্যাকেটসহ অন্যান্য বর্জ্য পানিতে না ফেলেন, সে লক্ষ্যে পর্যটক পরিবহনে ব্যবহৃত শতাধিক নৌকায় ডাস্টবিন বিতরণ করা হয়। পাশাপাশি নৌকার মাঝি ও সংশ্লিষ্টদের ডাস্টবিনগুলো যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে পর্যটকদের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে সচেতন করতে নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে, এ উদ্যোগের ফলে হালতি বিলের পানি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
এছাড়া পাটুল ঘাটে পর্যটক পরিবহনকারী নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। পর্যটকদের ভ্রমণসুবিধা ও নৌযানের ভাড়া নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘাটে নৌকাগুলোর নির্ধারিত ভাড়ার তালিকাও প্রদর্শন করা হয়েছে।
নৌকার মাঝি ও মালিকদের পর্যটকদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে হালতি বিলের পরিবেশ সুরক্ষায় নৌকার মাঝি, মালিক, পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগের ফলে পাটুলের পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।



মন্তব্য