![]()
জামাল খান,জেলা সংবাদদাতা
সামান্য বৃষ্টিতেই সড়কে জমছে হাঁটুসমান পানি। কোথাও কাদা, কোথাও নোংরা পানিতে একাকার সড়ক। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এমন চিত্র নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে ভোলার দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা। নীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা, কখনো দীর্ঘসময় পর্যন্ত জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ বেশি
ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়কের আশপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, পল্লী বিদ্যুৎ অফিস, ব্র্যাক অফিসসহ অন্তত ১২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন।
বৃষ্টির পর সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থীদের কাদা ও নোংরা পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা।জলাবদ্ধতার কারণে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে নানা সমস্যা। অনেক সময় পানির গভীরতা ও সড়কের বেহাল অবস্থার কারণে চালকরা ওই সড়কে যেতে অনীহা প্রকাশ করেন। ফলে অফিসগামী মানুষ, রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাড়ছে মশার উপদ্রব, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
দীর্ঘসময় সড়কে পানি জমে থাকায় সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। পাশাপাশি জমে থাকা পানিতে মশার বংশবিস্তার বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে মশাবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য, জলাবদ্ধতার সমস্যা নতুন নয়। বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন সময় সমস্যা সমাধানের কথা বলা হলেও এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ তাদের।তাদের দাবি, শুধু সাময়িকভাবে পানি সরিয়ে নয়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পানি নিষ্কাশনের পথ সচল রাখা এবং প্রয়োজনীয় সড়ক উন্নয়নের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দৌলতখান পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। কারণ, একটি আধুনিক ও পরিকল্পিত পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। আর সেই ব্যবস্থার অভাবেই বছরের পর বছর দুর্ভোগে থাকা ৪ নম্বর ওয়ার্ডবাসীর এখন একটাই প্রশ্ন—জলাবদ্ধতার এই দুর্ভোগ থেকে তারা কবে পাবেন স্থায়ী মুক্তি?



মন্তব্য