![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের বাসিন্দা শামসুল আলম (৮১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুলাই দুপুর ১টার দিকে তার ছেলে মো. মিজানুর রহমান নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য অবস্থান করছিলেন।
এজাহারে বলা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে নির্মাণাধীন ভবনে প্রবেশ করে মিজানুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধারালো দা, লোহার রড, শাবল, জিআই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। পরে তাকে টেনে-হিঁচড়ে ভবনের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে মিজানুর রহমান গুরুতর আহত হন। এছাড়া লোহার রড ও শাবলের আঘাতে তার হাত ও কনুই ভেঙে যায় এবং পায়ে গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে নান্নু মিয়াকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, হামলার সময় মিজানুর রহমানের মানিব্যাগে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান এক আসামি। এছাড়া অপর এক আসামি তার ব্যবহৃত আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মিজানুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহারে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্তরা মৃত্যু প্রায় নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পরে থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযুক্ত হিসেবে নিজলাঠিমারা গ্রামের মো. মান্নান পহলান, মো. খলিল পহলান, মো. সাইদুর রহমান পহলানসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



মন্তব্য