![]()
মোঃ আবু সাইদ পাবনা:
বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পাবনা পুলিশ লাইন্সের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে এ বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে বিদায়ী অতিথি ও সভাপতির আসন অলংকৃত করেন পাবনার বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, মো. ছুফি উল্লাহ একজন সৎ, দক্ষ, মেধাবী ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে পাবনা জেলা পুলিশ পেশাদারিত্ব, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন মাত্রা পেয়েছে।
বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, দুর্যোগ মোকাবেলা ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণ তাঁকে পাবনাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। তাঁর অবদান পাবনা জেলা পুলিশ ও জেলার জনগণ দীর্ঘদিন স্মরণ করবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।
স্মৃতিচারণ পর্বে অনেক পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে বিদায়ী পুলিশ সুপারের পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে একজন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তার প্রতিচ্ছবি।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরব ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। এ পথচলায় আমার কোনো আচরণ বা কাজে ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।”
তিনি পাবনাবাসী, জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কর্মজীবন, পারিবারিক জীবন ও ভবিষ্যৎ সুখী, শান্তিময় ও নিরাপদ হোক—এই কামনা করে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও স্মৃতিময়, যেখানে সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।



মন্তব্য