![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে তার নিয়োগকে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন খান ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৪-০৫ সালে বিভাগের ছাত্রসংগঠন ‘দ্য ইংলিশ অ্যাসোসিয়েশন (TEA)’-এর সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি থেকে জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের সিনেট নির্বাচনে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে বিজয়ী হয়ে তিনি আলোচনায় আসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উচ্চশিক্ষার ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে বার প্রফেশনাল কোর্স এবং দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স স্টাডিজে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। পাশাপাশি সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক মামলায় অংশগ্রহণের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় আইনি সহায়তা দেওয়ার জন্যও তিনি পরিচিত।
নিয়োগের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “সংবিধান, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা থাকবে। এ দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”



মন্তব্য