![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় র্যাব-১০ এর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান জব্দ করা হয়।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গায় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ আরও জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে সাধারণ মানুষকে র্যাবকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। একটি তথ্য অনেক সময় বড় ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।



মন্তব্য