রবিবার, ২৬ জুলাই ২০২৬
 

বাকৃবি-জাককানইবির সাংবাদিকদের পিআইবির তিন দিনব্যাপী ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬

---
বাকৃবি প্রতিনিধি
ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’। এতে বাকৃবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪০ ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেছেন। শনিবার (২৫ জুলাই) বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং তিনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে ছিলেন জি এম মোস্তাফিজুল আলম।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসম্মত সংবাদ ও প্রতিবেদন তৈরির সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলাই মূল লক্ষ্য। পাশাপাশি এআই ব্যবহারের চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায়, ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব, মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন ধাপ, কৌশল, সোর্স উন্নয়ন, বস্তুনিষ্ঠতা বজায় রাখা, সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে পিআইবির প্রধান কার্যালয়ের কার্যকর যোগাযোগ বৃদ্ধির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করায় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রশিক্ষণের নির্ধারিত বিষয়গুলো অত্যন্ত সময়োপযোগী।

তিনি আরও বলেন, বিশেষ করে আধুনিক মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও এআই এর সঠিক ব্যবহারের মাধ্যমে গুজবের উর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উন্মোচন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সাংবাদিকতায় নৈতিকতা বজায় না রাখলে তা সমাজের ক্ষতির কারণ হতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon