রবিবার, ২৬ জুলাই ২০২৬
 

আম নিয়ে বাজারে যাওয়ার পথেই শেষ যাত্রা, মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত শুক্কুর আলী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬

---

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ সদর উপজেলায় মালবাহী একটি কাভার্ড ভ্যানের চাপায় আমবোঝাই রিকশাভ্যানের চালক শুক্কুর আলী (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শুক্কুর আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বসবাস করতেন এবং রিকশাভ্যানে করে আমসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে ভাটবাউর এলাকার পাইকারবাজার থেকে আম কিনে নিজের রিকশাভ্যানে করে মানিকগঞ্জ জেলা শহরের খুচরা বাজারের উদ্দেশ্যে রওনা হন শুক্কুর আলী। ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার পরপরই দ্রুতগতিতে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যান তার রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। পরে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কটিতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon