বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
 

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬

---

জাবি প্রতিনিধি
র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ টি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই ২০২৬ দিবাগত রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) নবীন শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে ( মনপুরা)  বিভিন্নভাবে অশালীন ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে কান ধরা এবং কান ধরে ওঠবসসহ র‍্যাগিংমূলক আচরণ করে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon