সোমবার, ২৯ জুন ২০২৬
 

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডোতে পদকজয়ী বেরোবির শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬

---

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ পাঁচটি রৌপ্য ও একটি তাম্র পদক জিতে সাফল্যের স্বাক্ষর রেখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। রোববার (২৮ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিমনেসিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে বেরোবির তিন নারী শিক্ষার্থী রৌপ্য পদক অর্জন করেন। তারা হলেন নারী বিভাগের (-৫৩ কেজি) ওজন শ্রেণিতে পলিটিক্যাল সায়েন্স বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আশা মনি, (-৭৩ কেজি) ওজন শ্রেণিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নুর নাহার ইসলাম মুন্নি এবং (-৬৭ কেজি) ওজন শ্রেণিতে হিস্টোরি অ্যান্ড আর্কিওলজি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আইভি আক্তার সূচনা। তিনজনই নিজ নিজ ক্যাটাগরিতে রানারআপ হয়ে রৌপ্য পদক জেতেন।

দ্বিতীয় দিনেও সাফল্যের ধারা অব্যাহত রাখেন বেরোবির শিক্ষার্থীরা। নারী বিভাগের (-৪৬ কেজি) ওজন শ্রেণিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাহামুদা আক্তার এবং (-৪৯ কেজি) ওজন শ্রেণিতে বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাসুমা রৌপ্য পদক অর্জন করেন।
এ ছাড়া পুরুষ বিভাগের (-৮৭ কেজি) ওজন শ্রেণিতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাসানুর জামান মনি তাম্র পদক জিতে বেরোবির পদকের তালিকায় নতুন সংযোজন করেন। দুই দিনের প্রতিযোগিতা শেষে বেরোবির ঝুলিতে আসে মোট পাঁচটি রৌপ্য ও একটি তাম্র পদক। এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বেরোবির শিক্ষার্থীরা সাফল্যের এই ধারা অব্যাহত রাখবেন।

রৌপ্য পদক জিতে মোছা মাহামুদা আক্তার বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জনের পেছনে আমার শ্রদ্ধেয় কোচ সোহেল রানা স্যার, টিমমেট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। এই রৌপ্য পদক শুধু আমার একার না, এটা আমার পরিবার, কোচ স্যার এবং বিশ্ববিদ্যালয়ের সবার। প্রতিযোগিতার মঞ্চে দেশের বিভিন্ন ভার্সিটির সেরা খেলোয়াড়দের সাথে লড়াই করাটাই ছিল সবচেয়ে বড় অভিজ্ঞতা। হার-জিত আছে, তবে এই রৌপ্য আমাকে আরও শক্তিশালী করেছে। সামনে স্বর্ণ জেতাই আমার টার্গেট।
মোছা মাহসুমা মুয়াজ্জমা বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতা–২০২৬ এ -৪৯ কেজি ওজন শ্রেণিতে আমি রৌপ্য পদক অর্জন করেছি। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। যারা আমাকে এই পথচলায় সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেক জন শিক্ষার্থী হাসানুর জামান মনি বলেন, আলহামদুলিল্লাহ,আন্ত বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনের মাধ্যমে বেরোবিকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি অত্যন্ত খুশি। তবে বেরোবিতে এখনো তায়কোয়ানডোর মতো একটি জনপ্রিয় খেলার প্রেকটিস গ্রাউন্ড নেই, আশা করছি বেরোবি প্রশাসন এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থাগ্রহন করবে।
শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, সম্প্রতি দেশে এই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬’-এ আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে গৌরবজনক পদক লাভ করেছে। শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিরলস ক্রীড়া অনুশীলন এবং সংশ্লিষ্ট সকলের সঠিক দিকনির্দেশনা প্রশংসার দাবিদার। আমরা বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon