![]()
গোলাম রাব্বি, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি)“Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হুডিগার লটজ। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং জার্মান গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিক এবার্ট স্টিফটাং (এফইএস)। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং দেশটি তরুণ প্রজন্মের কাছে জ্ঞান, শৃঙ্খলা ও উদ্ভাবনের প্রতীক। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সময়ের দাবি।
উপাচার্য আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী গবেষণা ও শিল্পখাতের সঙ্গে আরও সংযুক্ত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে জার্মানির দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন।
আলোচনা অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. হুডিগার লটজ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অর্থবহ সংলাপে অংশ নিতে পেরে তিনি অনুপ্রাণিত। তিনি বলেন, বাংলাদেশের জেন-জি তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সংস্কারের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার এবং আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির একটি হওয়ার সম্ভাবনা রাখে। উচ্চশিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্যের বহুমুখীকরণে জার্মানি বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিল্লু রহমান এবং ড. ফেলিক্স গারডেস। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।



মন্তব্য