মঙ্গলবার, ১৯ মে ২০২৬
 

জাবিতে ভিন্নমত প্রকাশ করায় ‘পটেনশিয়াল রেপিস্ট’ ট্যাগিং, বিচার চেয়ে শিক্ষার্থীদের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিন্নমত প্রকাশের জেরে কয়েকজন শিক্ষার্থীকে “পটেনশিয়াল রেপিস্ট” আখ্যা দেওয়ার অভিযোগ তুলে এর বিচার দাবি করেছেন একদল শিক্ষার্থী।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে তারা এ দাবি জানান।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “ক্যাম্পাসের চলমান বিভিন্ন ইস্যুতে একদল শিক্ষার্থীর “অপ-রাজনীতি” ও প্রক্টরের পদত্যাগ দাবির প্রতিবাদ জানিয়ে তারা একটি ভিডিও কনটেন্ট তৈরি করেছিলেন। কনটেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেক শিক্ষার্থী ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও একটি পক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।”

অভিযোগ পত্রে বলা হয়, “চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ‘ফারহানা আলম লামিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের “পটেনশিয়াল রেপিস্ট” বলে আখ্যায়িত করেন। পাশাপাশি বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের উস্কানি দেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা বলেন, “ক্যাম্পাসে আন্দোলন ও মতভেদ থাকতেই পারে। কিন্তু কোনো ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও তাকে সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত মানহানিকর, অযৌক্তিক ও মানসিকভাবে পীড়াদায়ক।”

তারা আরও বলেন, ভিন্নমতের কারণে এ ধরনের ট্যাগিং ও অপপ্রচার বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশের পরিপন্থী এবং এর সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধেও একই ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে পড়তে পারে।

এ ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী শিক্ষার্থীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon