![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি শিখন (২৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সকালে ফরিদপুরের মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে পাওনা টাকার বিরোধের জেরে আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় । মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর সহযোগিতা কামনা করেন।
র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিখনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শিখনের পিতা রাজ্জাক। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সিলিম এলাকায়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন,
“চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি শিখনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে এই মামলার প্রধান আসামি রাতুলকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য