মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 

মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬

---

মানিকগঞ্জ প্রতিনিধ 

 মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা-র বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২০/০২/২০২৬ ইং  সকাল ৮ ঘটিকার সময়  দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশেই পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দ্রুত বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে শিবালয় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তি অজ্ঞাত কারণে মারা গেছেন। তবে এটি দুর্ঘটনা, অসুস্থতাজনিত মৃত্যু নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। তার পরনে সাধারণ পোশাক ছিল। তবে ঘটনাস্থলে এমন কোনো কাগজপত্র বা পরিচয়পত্র পাওয়া যায়নি, যার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত মরদেহ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মানিকগঞ্জ সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশে এভাবে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon