![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় পৃথক দুটি ঘটনায় ধর্ষণচেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একটি ঘটনায় নারী ভুক্তভোগী ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে জানা গেছে। অপর ঘটনায় কুপিয়ে ও পিটিয়ে দুইজনকে জখম করার অভিযোগে থানায় এজাহার দায়ের হয়েছে।
ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ
মামলার বাদী এক নারী অভিযোগ করেন, গত ৫ আগস্ট ২০২৫ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের হোগলপাশা এলাকায় তার স্বামী কর্মস্থলে এবং সন্তানরা বাইরে থাকার সুযোগে ১নং আসামি ঘরে অনধিকার প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে তাকে মারধর করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে।
বাদীর অভিযোগ, পরে ২নং আসামির নেতৃত্বে আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে তার স্বামী ও তাকে মারধর করে এবং ঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ এক লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও অটোরিকশার যন্ত্রাংশ লুট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরবর্তীতে থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
নির্বাচনী বিরোধের জেরে কুপিয়ে জখম ২
অন্য ঘটনায়, গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন পশ্চিম পাশের কাঁচা সড়কে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত ১নং সাক্ষী পাথরঘাটা পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে এজাহারে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধ ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একজনের হাত ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং অপরজনও দাওয়ের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি।
পুলিশি বক্তব্য
এ বিষয়ে পাথরঘাটা থানা সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় রাজনৈতিক বিরোধ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



মন্তব্য