মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 

রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, ৮২ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে রাজবাড়ী জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে জেলা থেকে উপজেলা পর্যায়ে এবং সেখান থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স ও ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যালট পেপার-বক্সসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের মধ্যেই সব কেন্দ্রেই এসব সরঞ্জাম পৌঁছে যায়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার  জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। নির্বাচনের দিন রাজবাড়ীতে বিজিবির ১২৫ জন সদস্য, ব্যাটালিয়ন আনসারের ৯০ জন, র‍্যাবের ৩০ জন, পুলিশের ১ হাজার ৪৩ জন এবং সেনাবাহিনীর ৫৮৯ জন সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। সাদা রঙের ব্যালট পেপারটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালট পেপারটি গণভোটের জন্য নির্ধারিত।

এবারের নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে মোট ৩৫৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, যা মোট কেন্দ্রের ৮২ দশমিক ১৯ শতাংশ। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নজরদারি জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন আশা করছে, সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাজবাড়ীতে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon