বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
 

পাথরঘাটায় জামায়াতে ইসলামীর নেতার ওপর সন্ত্রাসী হামলা, দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬

 ---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার দুই পা ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার বাম হাত ও মাথায়ও গুরুতর জখম করা হয়।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বয়ারগুদি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (৫০)। তিনি কাঠালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।

কাঠালতলী দাখিল মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বয়ারগুদি ব্রিজে পৌঁছালে ওত পেতে থাকা তিনজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।

পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন জানান, হামলাকারীরা লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে মাহফুজুর রহমানকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর তার দুই পায়ে উপর্যুপরি আঘাত করে পা দু’টি ভেঙে দেয়। এ সময় তার কপালের ডান পাশে ও বাম হাতেও গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, মাহফুজুর রহমানের দুই পায়ে মারাত্মক আঘাত রয়েছে এবং হাড় ভেঙে গেছে। এছাড়া কপাল ও বাম হাতেও জখম হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “ঘটনার কথা আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon