বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়, দুর্ভোগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণার পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়িতে ভোট দিতে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়।

সকাল থেকে ঘটে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকেই হাতে ব্যাগ-পোটলা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গাড়ির জন্য। নির্বাচন উপলক্ষ্যে পরিবার ও ভোটার এলাকায় ফেরার এই স্রোত ঘাটে বাড়তি চাপ সৃষ্টি করেছে।

 

ঢাকা থেকে বাড়ি ফেরত এক যাত্রী বলেন, “নির্বাচনের জন্য আমাদের ছুটি হয়েছে।  এবার নিজের ইচ্ছায় ভোট দিতে পারব—এই আশায় বাড়ি ফিরছি।” আরেক যাত্রী জানান, “আগের অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার পরিস্থিতি ভালো হবে মনে করেই আগেভাগে রওনা দিয়েছি।”

তবে দূরপাল্লার যাত্রীদের চাপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। দৌলতদিয়া ও আশপাশের এলাকার অনেক যাত্রী অভিযোগ করে বলেন, ঘাটে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। প্রায় সব যানবাহনই দূরপাল্লার যাত্রী বহনে ব্যস্ত থাকায় স্থানীয়দের যাতায়াত ব্যাহত হচ্ছে।

স্থানীয় এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জরুরি কাজে যেতে হচ্ছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। সব গাড়ি দূরের যাত্রী নিয়ে চলে যাচ্ছে।”

 

এদিকে দৌলতদিয়া ঘাটে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন,

“নির্বাচন উপলক্ষ্যে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ফেরিঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।”

 

নির্বাচন যত ঘনিয়ে আসছে, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon