![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলবার, গোলাবারুদ, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের সদস্যরা ধুলদী জয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে স্থানীয় সাঈদ বিশ্বাসের বসতবাড়ি সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,১টি বিদেশি রিভলবার (মেড ইন পাকিস্তান),৩ রাউন্ড রিভলবারের তাজা গুলি (অ্যামোনেশন),২টি ওয়াকিটকি সেট,২টি ওয়াকিটকি ব্যাটারি ও চার্জার,১টি বড় চাকু,২টি চাপাতি এবং ০১টি ছোরা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসমূহ কুষ্টিয়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে হাতবদলের উদ্দেশ্যে আনা হয়েছিল। নিরাপদ স্থান হিসেবে সাঈদ বিশ্বাসের বাড়ির পাশের মেহগনি বাগানে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধারকৃত বিদেশি রিভলবার ও অন্যান্য দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।



মন্তব্য