![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামালের মরহুমা মায়ের জানাজা নামাজে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলা সভাপতি নজরুল ইসলাম মোল্লা। এছাড়াও বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ ডা. সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মিজানুর রহমান কাসেমী মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ এবং আলহাজ নুরুল ইসলাম মনির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাজনৈতিক নেতারা বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানবিকতা ও এলাকার উন্নয়নের প্রশ্নে সবাই এক ও ঐক্যবদ্ধ। তারা পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মরহুমার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে নাচনাপাড়া গ্রাম এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।



মন্তব্য