বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 

রাজবাড়ীতে জেলা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবির) একটি অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার (২৮ ডিসেম্বর ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার রাজবাড়ী সদর উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার মৃত ইউনুস সরদার এর ছেলে মোঃ ইমরান সরদার (২৮), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ সিয়াম শেখ (২১), রাজবাড়ী সদর থানার উত্তর ভবানীপুর এলাকার মোঃ খোকন শেখের ছেলে মোঃ জাহাঙ্গির শেখ তারেক (৩০), রাজবাড়ী সদর থানার মেছোঘাটা এলাকার মোঃ আমির শেখের ছেলে মোঃ ফিরোজ শেখ (৩০)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মোঃ ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মিলিমিটার বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে খোদাই করে ‘Made in USA’ লেখা রয়েছে। এছাড়া মোঃ সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, তাতেও ‘Made in USA’ লেখা খোদাই করা ছিল।

এছাড়াও অভিযানে তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, নগদ ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ নম্বর আসামি মোঃ সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা রয়েছে। ৩ নম্বর আসামি মোঃ জাহাঙ্গির শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া ৪ নম্বর আসামি মোঃ ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল—তা জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon