![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। কেক কাটা ও ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় উপস্থিত থাকবেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, উপদেষ্টামণ্ডলী, টিএসসির পরিচালক, অন্যান্য শিক্ষকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
জানা যায়, তেইশ বছর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে, ছোট্ট একটি সঙ্গীতানুষ্ঠানের মাদগ্য দিয়ে আজকের এই দিনটিতে সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশের আগে, শুধু ‘জলসিঁড়ি’ নামটির জন্য অপেক্ষা করতে হয়েছিল বেশ কিছুদিন। তারপর তৈরি হয়েছিল এর স্লোগান ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই।’ এবং ট্যাগ লাইন ‘জলসিঁড়ি- একটি মননশীল শিল্পচর্চা কেন্দ্র।’
সবশেষে তৈরি হয় সংগঠিনটির থিম সঙ ‘আমাদের কলরবে, মুখরিত হয় যদি তোমাদের মন হৃদয়ের দাবি নিয়ে জলসিঁড়ি’র এই আয়োজন” (অংশবিশেষ)। সময়ের পালাবদলে নক্ষত্রের মতো দ্যুতি নিয়ে একে একে জলসিঁড়িতে যোগ দিয়েছেন অগণিত নিবেদিতপ্রাণ কর্মীবৃন্দ। তাঁরা জলসিঁড়িকে সমৃদ্ধ করেছেন পাশাপাশি নিজেরাও হয়েছেন আত্মপ্রত্যয়ী।
বিশেষায়িত সংগঠন ক্যাম্পাসে আগে থেকেই ছিল। যেমন—ধ্বনি, জাহাঙ্গীরনগর থিয়েটার প্রভৃতি। কিন্তু জলসিঁড়ি নতুন এক প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছিল; এটি হবে এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী সাংস্কৃতিক সংগঠন যে— শিল্পকলার সকল শাখা নিয়ে কাজ করবে।
সাধারণ সম্পাদক ধীরাজ রায় বলেন, “আজ ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই শুভেচ্ছা জানাই। সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও বিকাশে সাংস্কৃতিক অঙ্গনের প্রায় প্রতিটি শাখা নিয়ে জলসিঁড়ি কাজ করে আসছে। ভবিষ্যতেও করবে। জলসিঁড়ি এই অগ্রযাত্রায় সকল শুভাকাঙ্ক্ষীদের সর্বদা পাশে চাই।”
সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল জলসিঁড়িকে সম্পূর্ণরূপে একটি শুদ্ধ শিল্পচর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। সে চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। আমরা স্বপ্ন দেখি, ডিপার্টমেন্টের বাইরেও শিক্ষার্থীরা সাংস্কৃতিক সংগঠনের মতাদর্শে বিশেষভাবে ঋদ্ধ হবেন। বাঙালিয়ানার আবেশ ছড়াবেন দেশ থেকে দেশান্তরে।
ক্যাম্পাসে টিকিটের বিনিময়ে গান শোনা ও নাটক দেখা, হাতে আঁকা নতুন ধরনের পোস্টার প্রচলন করা, প্রচারণা ও প্রেজেন্টেশনে অভিনবত্ব—এসবই জলসিঁড়ির অর্জন।”
তিনি আরো বলেন, “আশা করি জলসিঁড়ি আগামী দিলগুলোতে আরো অনেক বেশি উদ্দীপ্ত হবে। মুখরিত করে রাখবে এই বিশ্ববিদ্যালয়কে।”



মন্তব্য