শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

পিতার লাশ দেখতে এসে বর্বর হামলার শিকার মেয়ে, ঈশ্বরগঞ্জে হৃদয়বিদারক ঘটনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

---
মোঃ আমিনুল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
একজন সন্তানের জীবনে সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত হতে পারে তার পিতার মৃত্যু সংবাদ। সেই দুঃখজনক মুহূর্তে পিতার লাশ দেখতে এসে এক তরুণী বর্বর হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামে।

ভুক্তভোগী তরুণীর নাম নুসরাত জাহান মুন। তার বাবা, মরহুম এমদাদুল হক দুলাল গত ২১.০৯.২৫ তারিখে  ভোরবেলা  ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর খবর শুনে তিনি ঢাকার কর্মস্থল থেকে নিজ গ্রাম সুন্দাইলপাড়ায় ছুটে আসেন। কিন্তু লাশ দেখতে আসা সেই মর্মান্তিক মুহূর্তে তাকে মুখোমুখি হতে হয় চরম এক নৃশংসতার।

ভুক্তভোগীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তার সঙ্গে শত্রুতা পোষণ করে আসছিলো একই গ্রামের শফিউল আলম শপি (২৮) ও রাফিউল আলম রাফি (২৫),  উভয় পিতা আখতারুজ্জামান সবুজ; এবং পাশের গ্রামের আরিফুল ইসলাম (৩৫), পিতা মোহাম্মদ হান্নান ভূঁইয়া, গাবর কালিয়া, আঠারবাড়ী ইউনিয়ন। তাদের সাথে ভুক্তভোগীর পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে—কেউ চাচাতো আবার কেউ ফুফাতো ভাই।

অভিযোগে মুন জানান, পিতার মৃত্যুর পর গ্রামে পৌঁছানো মাত্রই পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তাকে অতর্কিতে আক্রমণ করে। মুখে, শরীরের বিভিন্ন অংশে ঘুষি, লাথি মেরে তাকে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ফখরুল হাসান, তরিকুল ইসলাম সুমন, হারুনুর রশিদ ও আকবর আলী সহ অনেকে তাকে রক্ষা করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করেন, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে। এ ঘটনার পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনা ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। একজন শোকাহত কন্যাকে এভাবে লাঞ্ছিত করা নিঃসন্দেহে সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon