শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

ডেঙ্গুর মহামারীতে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট বন্ধ, গরিব রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে ডেঙ্গু মহামারীর সময়ে রক্ত পরীক্ষা না করতে পারায় রোগীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।

ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য প্লেটলেটসহ বিভিন্ন রক্ত পরীক্ষা জরুরি হলেও স্বাস্থ্য কমপ্লেক্সে এসব পরীক্ষা বন্ধ থাকায় রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার। তিনি জানান, “আমি সম্প্রতি এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছি। আমার আসার আগে এখানে গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে মৌখিকভাবে কিছু টেস্ট করা হতো, তবে সেগুলোর কোনো সরকারি অনুমোদন ছিল না। তাই আমি দায়িত্ব নেওয়ার পর টেস্টগুলো বন্ধ করেছি। তবে কর্তৃপক্ষ অনুমতি দিলে আবারও চালু করা হবে।”

স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে সাশ্রয়ী মূল্যে টেস্টের সুযোগ না থাকায় গরিব মানুষ চিকিৎসা খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন। রোগী রোকেয়া, রেহেনা, আবদুল মালেকসহ অনেকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আগে মাত্র ৩০০ টাকায় চারটি পরীক্ষা করা যেত, কিন্তু এখন একই পরীক্ষার জন্য বাইরে ১৫০০ টাকার বেশি খরচ হচ্ছে।

পাথরঘাটা পৌর বিএনপি আহ্বায়ক হারুন অর রশিদ হাওলাদার বলেন, “এই স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব চালু থাকায় এলাকার মানুষ উপকৃত হয়েছিল।  সেবাটি বন্ধ হয়ে গেল মন্ত্রণালয়ের অনুমতি পেলে আবারও চালুর চেষ্টা করা হবে।”

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ জুয়েল হোসেন জানান, “জনপ্রতিনিধিদের দেওয়া কিছু যন্ত্রাংশ ব্যবহার করে মৌখিকভাবে টেস্ট চালু ছিল। রোগীদের কাছ থেকে নামমাত্র ফি নিয়ে প্রয়োজনীয় মেডিসিন কেনা হতো, জনবল না থাকায় রশিদ দেওয়া হতো না। কিন্তু কিছু প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের দালালের ভুল প্রচারের কারণে বিভ্রান্তি তৈরি হয় এবং কর্তৃপক্ষ টেস্ট বন্ধ করে দেয়।”

জানা যায়, পাথরঘাটা উপজেলায় প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস, যাদের অধিকাংশই জেলে পেশায় নিয়োজিত। এলাকার একমাত্র আশ্রয়স্থল ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট বন্ধ থাকায় জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। এলাকাবাসী ও রোগীরা দ্রুত টেস্ট সেবা পুনরায় চালুর জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ আলহাজ্ব নুরুল ইসলাম মনি জানান, বিষয়টি অবগত হওয়ার পর আমি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বলেছি। শীঘ্রই রক্ত পরীক্ষা চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon