![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে নতুন ব্রিজ সংলগ্ন উত্তর দিকের মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে দুইটি বাংলা ড্রেজার বিকল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মরা পদ্মা নদীতে একটি চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল। এতে পরিবেশ ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়।
![]()
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন,”মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি ফসলি জমি ও বসতভিটাও হুমকির মুখে পড়ছে। প্রশাসন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজকের অভিযানে দুইটি বাংলা ড্রেজার বিকল করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
![]()
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।



মন্তব্য