![]()
আমিনুল হক, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
বন্ধুত্ব কাকে বলে? কেমন হলে তাকে নিঃস্বার্থ, গভীর ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে যেতে হবে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামে। কারণ এখানেই বাস করেন এমন দুইজন অসাধারণ মানুষ, যাদের নামও এক— আবু সিদ্দিক। শুধু নামেই নয়, তাদের জীবনযাপন, ভালোবাসা আর বন্ধুত্বেও আছে এক অসাধারণ মিল। শৈশব থেকেই পাশাপাশি বড় হওয়া এই দুই বন্ধু যেন একে অপরের প্রতিচ্ছবি। একসাথে স্কুলে যাওয়া, খেলার মাঠে দৌড়ানো, বাজারে যাওয়া, ব্যবসা করা— সব কিছুতেই একসাথে। সময় বদলেছে, বয়স বেড়েছে, কিন্তু তাদের বন্ধুত্বের উষ্ণতা এক বিন্দুও কমেনি। ৭৫ বছরেরও বেশি সময় ধরে একসাথে পথ চলা এই দুই বন্ধু আজও প্রতিদিন দেখা করেন, গল্প করেন, হাসেন, একসাথে পাঁচ ওয়াক্ত নামাজে যান, ঈদের দিন একসাথে ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। এই দৃশ্য শুধু রায়পুর গ্রামের মানুষের কাছেই নয়, যে কেউ দেখলে আবেগে ভেসে যাবে। আজ যখন বন্ধুত্ব শব্দটি যেন ক্রমশ শুধু সোশ্যাল মিডিয়ার “ফ্রেন্ড লিস্ট”-এ সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তখন এই দুই আবু সিদ্দিক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন— আসল বন্ধুত্ব কীভাবে সময়ের সাথে আরও দৃঢ় হয়, সম্পর্ক কীভাবে নিঃস্বার্থভাবে গড়ে ওঠে। তাদের এমন হৃদয়ছোঁয়া বন্ধুত্বের জন্য রইল গভীর শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা। সমাজের নতুন প্রজন্মের কাছে তারা হোক এক অনন্য অনুপ্রেরণা। দোয়া করি, এমন বন্ধুত্ব যুগ যুগ ধরে টিকে থাকুক, ভালোবাসার বন্ধন অটুট থাকুক জীবন সায়াহ্ন পর্যন্ত।



মন্তব্য