শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

পাথরঘাটায় সাংবাদিক লাঞ্ছিত: প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলার ৭২নং উত্তর-পশ্চিম জালিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।

 জানা যায়, গত ২৪ আগস্ট বিদ্যালয়ের মাঠ দখল করে প্রধান শিক্ষক খায়রুল আলম বীজতলা তৈরি করেন। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করেন তিনি। এসময় আরটিভির পাথরঘাটা উপজেলা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ ধাক্কা খেয়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় সাংবাদিকদের অভিযোগ, প্রধান শিক্ষক তাদের ধাক্কা দিয়ে অফিস কক্ষে আটকে রাখেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, মাঠ দখল করে ধানের বীজতলা করার কারণে তারা আর খেলাধুলা করতে পারছে না। এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে ঘুমানো, মোবাইলে ভিডিও দেখা ও শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা। সমকাল প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ বলেন, “সাংবাদিক কোন ঘটনা ঘটলে সেখানে যাবে—এটাই স্বাভাবিক। কিন্তু সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনভাবেই কাম্য নয়।
যুগান্তরের প্রতিনিধি মোস্তফা চৌধুরী বলেন, “একজন প্রধান শিক্ষক হয়ে সাংবাদিককে লাঞ্ছিত করা দুঃখজনক। দ্রুত এর সঠিক ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন জানান, “তথ্য অনুসন্ধান করা সাংবাদিকের দায়িত্ব। কিন্তু একজন সাংবাদিকের সঙ্গে এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক।
পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসিম, নিউজ ২৪-এর সুমন সিকদার, সময় টিভির সাইফুল মিরাজ, স্টার নিউজ ও জাগো নিউজের নূরুল আহাদ অনিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় সব সাংবাদিকই ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস বলেন, “বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। কিরণ হাওলাদার ও রনজিত মিস্ত্রীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে। যাচাই-বাছাই করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon