রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

রাজবাড়ীতে র‍্যাবের হাতে হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মকিম মন্ডল (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তারকৃত মকিম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মকিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে মকিম মন্ডলসহ কয়েকজন মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পরদিন (২৪ জুলাই) রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিল।

র‌্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফরিদপুর থেকে মকিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon