রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

রাজবাড়ীতে ১৫ আগস্ট উপলক্ষে নেই আওয়ামী লীগের শোক দিবস উদযাপনের ছায়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবার আর দেখা যায়নি আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি বা শোক দিবস উদযাপনের আয়োজন। একসময় এ জেলা ছিল আওয়ামী লীগের অন্যতম শক্ত ঘাঁটি, যেখানে প্রতিবছর ১৫ আগস্টকে ঘিরে জেলা পার্টি অফিসসহ বিভিন্ন স্থানে বিশাল শোক র‍্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হতো।

কিন্তু চলতি বছর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং শীর্ষ নেতারা দেশত্যাগে বাধ্য হন। সেই ঘটনার পর থেকে রাজবাড়ীতে দলটির আর কোনো রাজনৈতিক কার্যক্রম বা প্রকাশ্য সমাবেশ চোখে পড়েনি।

রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শরিফ আল রাজীব জানান,১৫ আগস্টকে ঘিরে রাজবাড়ী জেলা জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে  যে কোন অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে সকল থানা এলাকায় অধিক সংখ্যক পুলিশ টহল, চেকপোস্ট, গুরুত্বপূর্ণ স্থানে ফিক্সড পুলিশ পার্টি মোতায়েন আছে। ট্রাফিক চেক পোস্ট চলমান আছে। ডিবি পুলিশের একাধিক টিম বাইরে আছে।
তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে সকল থানা এলাকায় অভিযান চলমান।  এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বিশেষ একটি টিম সাইবার প্যাট্রোলিং করছে, রাজবাড়ির পরিস্থিতি  স্বাভাবিক আছে এখন পর্যন্ত। সদর ও উপজেলা শহরগুলোতে ছিল চেকপোস্ট এবং মোবাইল টিমের তৎপরতা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, আগে যেখানে শোক দিবসের দিনটি ঘিরে শহরে ব্যানার-ফেস্টুন, মাইকিং এবং রঙিন পোস্টারে ভরে যেত, এবার সেখানে নিস্তব্ধতা বিরাজ করছে। জেলা পার্টি অফিসও ছিল জনশূন্য, কোনো কর্মী বা নেতা সেখানে উপস্থিত ছিলেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এ বছরের শোক দিবস উদযাপন পুরোপুরি অনুপস্থিত ছিল। এদিকে, সাধারণ মানুষও এই পরিবর্তনকে রাজবাড়ীর রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে দেখছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon