![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সকাল সাড়ে ১০ টার সময় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় উত্তর দৌলতদিয়া বাজার এলাকার বাসিন্দা আশরাফুল শেখ (৪২), পিতা আইয়ুব আলী, মাতা আসমানী বেগম-এর হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালাই। এ সময় মাদক ব্যবসায়ী আশরাফুল শেখকে হাতে-নাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, অভিযুক্ত আশরাফুল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।



মন্তব্য