![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সাধারণ জ্ঞান ও ‘জুলাই বিপ্লব’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
“আমার চোখে জুলাই বিপ্লব” শিরোনামে তারুণ্যের আইডিয়ায় অনুষ্ঠিত এ আয়োজনে তরুণ প্রজন্মকে স্বাধীনতা, গণতন্ত্র ও ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, আয়োজনে সহযোগিতা করে রাজবাড়ী জেলা পরিষদ। গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে দুপুর ১২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
![]()
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে তরুণরাই রাজপথে নেমে এসেছিল অধিকার আদায়ের জন্য। আজকের আয়োজনের মাধ্যমে সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। এমন আয়োজন শিক্ষার্থীদের শুধু সাধারণ জ্ঞান বাড়াবে না, বরং তাদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করবে। আগামী দিনগুলোতেও আমরা এই ধরণের শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত রাখবো।”
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে অভিভাবক ও শিক্ষকদের অনেকেই সাধুবাদ জানান।



মন্তব্য