মঙ্গলবার, ৯ জুন ২০২৬
 

“এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচিতে রাজবাড়ীতে বৃক্ষরোপণ – শহীদদের প্রতি শ্রদ্ধার অঙ্গীকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫

---

 

 মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

আজ রাজবাড়ী জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ খুশি রেলওয়ে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া কর্মসূচি — “এক শহীদ, এক বৃক্ষ”। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের স্মরণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষার প্রতীকী অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা সুলতানা আক্তার। তিনি বলেন, “যারা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন, তাদের স্মৃতি চিরভাস্বর রাখতে এই কর্মসূচি একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার শপথ নিচ্ছি।”

উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা, শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় নাগরিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বৃক্ষরোপণের সময় প্রত্যেক শহীদের নামে একটি করে গাছ লাগানো হয়, যার পাশে রাখা হয় একটি নামফলক — যাতে আগামী প্রজন্ম জানতে পারে, কারা তাদের জন্য আত্মত্যাগ করেছেন।

এই উদ্যোগ রাজবাড়ী জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা বলছেন, শহীদদের সম্মান জানানোর এমন পরিবেশবান্ধব উদ্যোগ আগে কখনো দেখা যায়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও শহীদদের স্মরণে এবং পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon