মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
 

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫

 

 ---

শেখ মো. আরমান, গোপালগঞ্জ

গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনাস্থল ও হতাহতঃ


গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহনের চালকের সহকারী সেলিম হোসেন ব্যাপারী। সেলিম হোসেন খুলনার সোনাডাঙ্গার দেবেনবাবু রোডের আবদুল হামিদ ব্যাপারীর ছেলে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।


দুর্ঘটনার বিবরণঃ


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস ভোর ৪টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময়ে একই দিক থেকে আসা আরমান পরিবহন, এসপি গ্রিনলাইনের বাস এবং একটি প্রাইভেট কার এই দুর্ঘটনার কবলে পড়ে।


আহতদের অবস্থাঃ


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম রায় জানান, ভোর থেকেই আহত রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন। প্রাথমিক চিকিৎসা শেষে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বলেশ্বর পরিবহনের চালক ইব্রাহিম ও সহকারী রোহানের অবস্থা আশঙ্কাজনক। বলেশ্বর পরিবহনের যাত্রী রফিকুল ইসলাম তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আমি গাড়িতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি, সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। গাড়ি থেকে নেমে দেখি আরমান পরিবহনের সহকারী ঘটনাস্থলেই মারা গেছেন।”

এই দুর্ঘটনায় জড়িত সকল যানবাহন জব্দ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon