![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালি উপজেলা চন্দনা ব্রিজের নিচ থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে কালুখালি থানা পুলিশ।
বুধবার (১১জুন)সকাল সাড়ে ১০ টার সময় রাজবাড়ীর কালুখালী উপজেলার চন্দনা ব্রিজের নিচ থেকে আছলাম শেখ (৪২) নামক এক ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। নিহত আছলাম শেখের বাড়ি পাংশা উপজেলার চল লক্ষ্মীপুর গ্রামের পিয়ার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে কালুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশটি ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা কিংবা ছিনতাইয়ের ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য