বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
 

ঝালকাঠি মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি টিপু সুলতান, সম্পাদক রাজ্জাক নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫

 ---

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫। শনিবার (২৪ মে) সকাল থেকে রাত পর্যন্ত ঝালকাঠি বাস টার্মিনাল এলাকায় ছিল ভোটার, প্রার্থী ও সমর্থকদের পদচারণা ও স্লোগানে মুখর পরিবেশ।

নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৪ জন প্রার্থী। ৭১৭ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাত ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এডভোকেট নাসিমুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মিজানুর রহমান মুবিন এবং মো. বাচ্চু হাওলাদার। ঘোষিত ফলাফলে সভাপতি পদে গোলাপফুল প্রতীক নিয়ে মো. টিপু সুলতান ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান (বাস গাড়ি প্রতীক) পেয়েছেন ২১৭ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে মো. আব্দুর রাজ্জাক রণি ৩১৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন হাওলাদার (চেয়ার প্রতীক) পেয়েছেন ২৯৬ ভোট।
নির্বাচন চলাকালে প্রার্থীদের সমর্থকরা টার্মিনাল এলাকায় বিভিন্ন প্রতীক প্রদর্শন ও স্লোগানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। নির্বাচন ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং শান্তিপূর্ণ বলে জানিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

নির্বাচন কমিশনের প্রধান এডভোকেট নাসিমুল হাসান জানান, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং সে অনুযায়ী কাজ করেছি।”

সভাপতি হিসেবে টিপু সুলতান ও সাধারণ সম্পাদক হিসেবে আ: রাজ্জাক রনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত তাদেরকে অভিনন্দন জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon