![]()
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি, রাজশাহী বিভাগীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা আব্দুল জব্বার (বাবু) আর নেই।
রোববার (২৩ মার্চ) ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে তিনি ভাইরাসজনিত একটি রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
jk/h



মন্তব্য