শনিবার, ২ মে ২০২৬
 

সারা দেশের ন্যায় ৫ দফা দাবিতে সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ ও কর্মবিরতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, নামসর্বস্ব ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধি সহ ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্যরা। এতে এমবিবিএস অধ্যয়নরত শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসকরা বলেন,

“আমাদের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। দাবি মানা না হলে কেন্দ্রের সাথে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”


ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি:

১. ডাক্তার পদবি সংরক্ষণ: এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না। বিএমডিসির রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং শুধুমাত্র এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন দিতে হবে।

২. ওটিসি ড্রাগ নীতিমালা হালনাগাদ: এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ওটিসি ড্রাগ লিস্টের বাইরে ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না এবং ফার্মেসিগুলো রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওটিসি লিস্টের বাইরের ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. চিকিৎসক সংকট নিরসন:দ্রুত ১০,০০০ চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ।আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে সপ্তম গ্রেডে নিয়োগ।ডাক্তারদের বিসিএস বয়সসীমা ৩৪ বছর করা।

৪. ম্যাটস ও মানহীন মেডিকেল কলেজ বন্ধ: এসএসসি পাস করা ম্যাটস শিক্ষার্থীদের ‘স্যাকমো’ পদবি বাতিল করে ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে নিয়োগ দিতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে এখনো কোনো পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon