শনিবার, ২ মে ২০২৬
 

কাজিপুরে বালুর গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মার্চ ২০২৫

 ---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে উত্তোলিত বালুর গর্তের জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—বিলচতল এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৯) এবং তার বোনের মেয়ে অনিকা (৮)। তারা মামাতো-ফুপাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদী থেকে উত্তোলিত বালু পাইপের মাধ্যমে এনে ওই এলাকায় স্তুপ করে রাখা হয়। এতে প্রচুর পরিমাণে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা দেখতে ছোট দিঘির মতো লাগে।

শুক্রবার দুপুর ১টার দিকে কয়েকজন শিশু সেখানে খেলতে যায়। একপর্যায়ে তন্নী ও অনিকা গভীর পানিতে ডুবে যায়। তাদের সঙ্গী শিশু তানিয়া বিষয়টি স্বজনদের জানালে স্থানীয়রা ছুটে এসে শিশুদের খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু তন্নীর মামা জাহাঙ্গীর হোসেন রাকিব অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে ঘনবসতিপূর্ণ এলাকায় স্তুপ করে রাখেন। বালু থেকে নিঃসরিত পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়, যা এই দুর্ঘটনার কারণ।

স্থানীয়দের দাবি, জনৈক আঃ খালেক ও আঃ লতিফের নেতৃত্বে সেখানে অবৈধভাবে বালু ব্যবসা চলছে। তারা জননিরাপত্তার তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ এলাকায় বালু রাখার কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবৈধভাবে বালু মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon