![]()
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের তারাকান্দি গ্রামের একটি বাথান বাড়ি থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে এবং শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত এক মাস ধরে স্বপন একা ওই বাথান বাড়িতে অবস্থান করছিলেন এবং গরু, ঘোড়া, ছাগল দেখাশোনা করতেন। বাথানটির মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ, যিনি সিরাজগঞ্জ শহরে বসবাস করেন।
স্বপন প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে দিয়ে আবার বাথানে ফিরে যেতেন। কিন্তু গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপনের মৃতদেহ ফুলে গেছে, মাথার চুল উঠে গেছে, মুখ বিকৃত হয়ে গেছে। তবে বাথানের গরু, ভেড়া, ঘোড়া সব ঠিক আছে। বাথানটি যমুনা নদীর দুর্গম ও নির্জন চরাঞ্চলে অবস্থিত, যার আশপাশে প্রায় এক বর্গমাইলের মধ্যে কোনো বসতি নেই।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, “লাশটি অনেকটাই পচে গেছে। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।”
স্বপন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের স্থানীয় নেতা ছিলেন। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে।
যুগের কন্ঠস্বর/এইচএসএস



মন্তব্য