![]()
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনির বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তিনি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস এস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
এ মামলায় অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুল্লাহ বিন আহমেদ, যাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য