![]()
চট্টগ্রাম ব্যুরো: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান। বাজার মনিটরিংকালে মঙ্গলবার পদুয়ায়, গত সোমবার লোহাগাড়া সদরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানও চালান তিনি।
পদুয়া অভিযানে ৩ দোকানীকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের বেশিরভাগ দোকান পরিদর্শন করেন তিনি।
গত মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পদুয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় মুহাম্মদ ইউসুফের মালিকানাধীন মেসার্স তাজবিদ রাইচ এজেন্সি ২০হাজার টাকা, বিকাশ সিকদারের মালিকানাধীন বাহাদুর অটো রাইচ মিলকে ৫০হাজার টাকা এবং রফিকুল ইসলামের মালিকানাধীন রফিক স্টোরকে ৫হাজার টাকাসহ মোট ৭৫হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য গত সোমবার ২৪ ফেব্রুয়ারী লোহাগাড়া সদরে অভিযান পরিচালনা করে ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
এ সময় পণ্য সামগ্রী মজুদ ও বিক্রিতে অনিয়ম পাওয়ায় মদিনা স্টোর’র মালিক তানজিমকে ২০ হাজার টাকা, ফরিদ স্টোর’র মালিক ফরিদকে ১০ হাজার টাকা এবং জাফর স্টোর’র মালিক আবু হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য