শনিবার, ২ মে ২০২৬
 

রাজবাড়ীতে পুলিশের উপর হামলা, আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৫

---

রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়।

তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। আজ তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ সুপার।

যুগের কন্ঠস্বর/এইচএসএস

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon