জাহিদ হাসান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি ফিরবেন বিচারের মুখোমুখি হতে।”
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াত আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে মাওলানা রফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। গণতন্ত্র, ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য জনগণকে বারবার লড়াই করতে হয়েছে। দেশের ১৮ কোটি মানুষকে বিদেশী শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।”
শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমান।
সমাবেশে বক্তারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।



মন্তব্য